পবিত্র রমজান আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নাজাতের পথ দেখায় – ডুয়েট উপাচার্য
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রথমবারের মতো আয়োজিত হলো গণ ইফতার মাহফিল। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের সম্মুখস্থ সুবিশাল মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, 'আজকের এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক পরম মুহূর্ত। এ ধরনের আয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।'
তিনি আরও বলেন, 'পবিত্র রমজান আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। রহমত ও বরকতমণ্ডিত এ মাস আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে মাগফিরাত ও নাজাত লাভের সুযোগ এনে দেয়। আর পরকালে আল্লাহপাকের দরবারে নাজাত লাভ করতে পারাই আমাদের ইহ ও পারলৌকিক সফলতা। রমজানের শিক্ষাকে ধারণ করে মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আমাদের নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পারিবারিক বন্ধনের আবহে ডুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আনন্দমুখর করতেও এ ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব ঘুচাতেও সহায়তা করে। ডুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালু থাকবে, ইনশাআল্লাহ।'
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য বলেন, 'পবিত্র রমজান মাস হলো যাবতীয় পঙ্কিলতা থেকে দূরে থেকে নিজেকে পরিশীলিত ও পরিশুদ্ধ করার মাস। নিজেদের জীবনে এ মাসের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই আমরা দুনিয়াবি ও আখেরাতের সার্বিক সফলতা অর্জন করতে পারবো।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশে গণতন্ত্রের অগ্রগতি এবং ডুয়েটের উত্তরোত্তর সাফল্য ও উন্নতির জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিল শেষে মাগরিব নামাজের পর ডুয়েট দাওয়াহ সার্কেলের উদ্যোগে হামদ, নাত, নাশিদ সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।